আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আসাদুজ্জামান রকি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৪ মার্চ) সকালে আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকার হাফিজ উদ্দিন সরকারের ভাড়া বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এঘটনায় ওই গৃহবধূ আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করলে ওইদিন রাতেই আশুলিয়ার কাঠগড়া বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত রকিকে গ্রেফতার করা করে পুলিশ। 

গ্রেফতারকৃত আসাদুজ্জামান রকি দিনাজপুর জেলার হাকিমপুর থানার নওপাড়া গ্রামের মো. আব্দুল হান্নান হকের ছেলে। সে ওই এলাকায় স্ত্রীসহ ভাড়া থাকতো। তার স্ত্রী পোশাক কারখানায় চাকরি করলেও রকি কোন কাজকর্ম করতো না।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।