আড়াইহাজারে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত

আড়াইহাজারে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করতে দেয়নি প্রাম্য মাতুবররা। এই ঘটনায় সোমবার রাতে ‘প্রহসনের সালিশ বৈঠকে’ অভিযুক্ত বখাটেকে জুতাপেটা করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঐ ছাত্রীর বাবা স্থানীয় সাংবাদিকদের জানান, তার মেয়ে উপজেলার আতাদী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে দীর্ঘ দিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল পার্শ্ববর্তী দাসিরদিয়া গ্রামের বখাটে ইমরান। এক পর্যায়ে গত রবিবার বিকালে বাড়ি ফেরার পথে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে পিছু নেয় সে। এ সময় তাকে নানাভাবে উত্ত্যক্ত করতে করতে মেয়েটির বাড়ি পর্যন্ত চলে আসে বখাটে ও তার সহযোগীরা। প্রতিবাদ করলে তার ভাতিজা আরমানের ওপর হামলা চালায় ইমরান ও তার সহযোগীরা। তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে দেখে তার পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এ ঘটনায় তিনি সোমবার দুপুরে তিন জনের নাম উল্লেখ করে পাঁচ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দেন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন জানান, বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ভুক্তভোগী পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। থানা থেকে একজন অফিসারকে এবিষয়ে তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। মামলার এজাহারে বাদীর জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হয় বিধায় তাদেরকে জাতীয় পরিচয়পত্রের নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। এখন পর্যন্ত তারা দেয়নি। 

তিনি আরও জানান, সালিশের বিষয় তার জানা নেই। তারপরও বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।