সুগন্ধা বীচ পয়েন্ট থেকে ৪ ছিনতাইকারী আটক 

কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলীর  সুগন্ধা বীচ পয়েন্ট এলাকা থেকে ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫'র সদস্যরা। তাদের কাছ থেকে ২টি ড্যাগার ও ১টি খুর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দিনগত রাত ১২টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫'র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন। 

আটকরা হলো, কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ের তুলাবাগানের গোলাম নবীর ছেলে দ্বীন মোহাম্মদ (২১), উখিয়ার পালংখালীর বালুখালীর লাল মোহাম্মদের ছেলে সোহেল (২৩), হলদিয়াপালংয়ের পাগলিরবিল এলাকার নুর আলমের ছেলে ওবাইদুল হক (২১) ও একই ইউনিয়নের মরিচ্যা এলাকার সৈয়দ আলমের ছেলে সাইফুল (২০)।

সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কলাতলীর সুগন্ধা বীচ পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইস এর বিপরীতে ঝাউবাগানের ভিতরে কিছু ছিনতাইকারী  অবস্থান করছে। তাৎক্ষণিক র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পলানোর চেষ্টাকালে দ্বীন মোহাম্মদ, সোহেল, ওবাইদুল ও সাইফুল নামে ৪ জনকে ধরে ফেলে। এতরাতে উক্ত স্থানে তাদের অবস্থানের কারণ জিজ্ঞাবাসাদে তারা সদুত্তর দিতে ব্যর্থ হয়। তাদের দেহ তল্লাশী করে ২টি ড্যাগার ও ১টি খুর উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা সকলেই পেশাদার ছিনতাইকারী এবং নিজেদের দখলে ছুরি (অস্ত্র) রেখে শহরের বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত করে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে বলে স্বীকার করেছে।
    
তিনি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।