মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পুরাতন গোসাইরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে একটি কারখানা ও একটি গুদাম ঘর থেকে ১৮ বস্তা (৬৩৬ পাউন্ড) অবৈধ কারেন্ট জাল, ৫ হজার ১০০ পিচ সুতার ববিন ও ৫ হাজার ১০০ পিচ সুতার রেইল জব্দ করেছে নৌপুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) রাত থেকে বুধবার (১৬ মার্চ) সকাল পর্যন্ত অভিযান চালানো হয়। মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টার মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জব্দকৃত কারেন্ট জাল ও মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা। অভিযানের খবর আগেই জেনে জড়িতরা পালিয়ে যাওয়ায় পুলিশ কারখানার ও গুদামঘরের কাউকে গ্রফতার করতে পারেনি পুলিশ।
সাব ইন্সপেক্টার মো. নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন গোসাইরবাগ এলাকায় একটি কারখানায় ও একটি গুদামঘরে অভিযান চালিয়ে উল্লেখিত অবৈধ কারেন্ট জাল ও জাল তৈরীরর মালামাল জব্দ করা হয়। নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার মিনা মাহমুদার নেতৃত্বে অতিরিক্ত নৌ পুলিশ সুপার মোঃ তানভীর ভূঞা ও জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিম ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমানসহ মুক্তারপুর নৌ পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।