বছরের অন্যান্য সময়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাংলাদেশর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা। ঈদে এই প্রেক্ষাপট একেবারেই পাল্টে যায়। যেদিন ঈদ সেদিনই হলে উঠবে নতুন ছবি। তাই হলগুলোও এরইমধ্যে প্রস্তুত। এবারের ঈদে সব মিলিয়ে পাচ্ছে ৪টি ছবি। এরমধ্যে দুটো নাচ-গান-অ্যাকশনে ভরপুর, বাকি দুটো অনেকটা গল্প নির্ভর। ছবিগুলোর বিষয়ে জেনে নেওয়া যাক—
পাসওয়ার্ড
ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ও প্রযোজিত সিনেমা পাসওয়ার্ড এবারের ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা। মালেক আফসারী পরিচালিত এই ছবিতে শাকিবের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন শবনম বুবলী। অপরাধ জগতের এক ডনের সুইস ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়েই ছবির গল্প এগিয়ে যাবে। ঘটনাক্রমে পাসওয়ার্ডটি হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া পাসওয়ার্ড হণ্যে হয়ে খুঁজতে থাকেন ডন। পাসওয়ার্ড খোঁজার মিশন নিয়েই সিনেমা পাসওয়ার্ড।
অবশ্য ট্রেলারে ইঙ্গিত দিচ্ছে, ‘পাসওয়ার্ড’-এর পরতে পরতে থাকবে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স! শাকিবের তাণ্ডব, বুবলীর বাঁচার আকুতি, কালো কাপড়ে মুখ ঢেকে ইমনের উপস্থিতি, মিশার ভায়োলেন্স, সবকিছু জমজমাট ‘পাসওয়ার্ড’-এর প্রথম ঝলকে।
ছবিটি নির্মিত হয়েছে শাকিব খান ফিল্মসের ব্যানারে। জানা যায়, ঈদে বাংলাদেশে মুক্তির পর মালয়েশিয়া, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে চলবে ‘পাসওয়ার্ড’। ছবির কাহিনি ও চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু। শাকিব-বুবলী ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, নাদের খান, ইমন, তনামি প্রমুখ। গানগুলোর কোরিওগ্রাফি করেছেন কলকাতার জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব।
আবার বসন্ত
ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘আবার বসন্ত’। ধারাবাহিকতা ভেঙে নতুন ঢংয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অনন্য মামুন। এমনকি ঈদে যেমন নাচ-গান-অ্যাকশনে ভরপুর সিনেমা নির্মিত হয়, ‘আবার বসন্ত’ সেই ঘরানার নয়। ছবিতে নেই কোনো সুপারস্টারও। অনন্য মামুন পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী স্পর্শিয়া। এই ছবির মাধ্যমে ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর। ছবিতে তারিক আনাম খানের নাম ইমরান চৌধুরী আর স্পর্শিয়া তিথি মোস্তফা চরিত্রে অভিনয় করেছেন।
একজন বাবার একাকিত্বের গল্প নিয়ে চলচ্চিত্র আবার বসন্ত। এই বাবা তাঁর সন্তানের জন্য জীবনের বড় একটা অংশ ব্যয় করে। কিন্তু এক সময় বাবার পাশে সন্তানকে পাওয়া যায় না। প্রশ্ন ওঠে, তবে দায়িত্ব কী কেবল বাবারই। শেষ বয়সে কী সমাজের বোঝা হয়ে যায় একজন বয়স্ক মানুষ? তাঁর প্রয়োজন কী শেষ হয়ে আসে সমাজের কাছে? এমনই একটি গল্প নিয়ে এগিয়ে যাবে ছবিটি।
ছবির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন ইমতু রাতিশ, মিজান, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, নুসরাত পাপিয়া প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ট্যাম মাল্টিমিডিয়া। ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস লিমিটেড।
নোলক
‘নোলক’ ছবিটি নিয়ে জটিলতা বিরাজ করছে এখনো। সে জটিলতার খবর চলচ্চিত্রপিপাসু অনেকেরই কমবেশি জানা। ছবিটির পরিচালক ও প্রযোজনার বিষয় আদালত পর্যন্ত গড়ায়। প্রাথমিকভাবে আইনি জটিলতা কাটিয়ে ছবিটি ঈদুল ফিতরেই মুক্তি পাচ্ছে। তবে ঈদের পরই জানা যাবে এই চলচ্চিত্রের মূল পরিচালক কে? রাশেদ রাহা না সাকিব সনেট!
একটি পারিবারিক আবেগের ছবি নোলক। দুটি পরিবারের গল্প নিয়ে ছবির কাহিনি। এই দুই পরিবারের মধ্যে তৃতীয় একটি পক্ষ এসে অশান্তি সৃষ্টি করে। এমন গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি। এদিকে নোলককে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি বলে অভিহীত করেছেন চিত্রনায়িকা ববি। ছবিটি নিয়ে উচ্ছ্বসিত ববি মনে করেন, এটি এবারের ঈদের অন্যতম সেরা ছবি হবে। তিনি বলেন, ‘এই ছবিতে আমাকে অন্য রূপে দেখতে পাবেন দর্শকরা। আমার ক্যারিয়ারের সেরা ছবি নোলক। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি ভালো অভিনয় করার।’ তিনি আরো বলেন, ‘এই ছবিতে শাকিব খানকে সম্পূর্ণ নতুনরূপে হাজির করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কখনো তাঁকে এমন চরিত্রে অভিনয় করতে দেখিনি।’
ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ববি হক। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, তারিক আনাম খান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত প্রমুখ। ‘নোলক’ ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য নির্মাণ করেছেন ফেরারি ফরহাদ। ছবিটি প্রযোজনা করেছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।
গোয়েন্দাগিরি
গোয়েন্দাগিরি শিরোনামের একটি ছবি মুক্তি পাবে এই ঈদে। এতে অভিনয় করেছে মিম চৌধুরী, সীমান্ত আহমেদ, শম্পা হাসনাইন, কচি খন্দকার, তারেক মাহমুদ, কল্যাণ কোরাইয়া, তানিয়া বৃষ্টি প্রমুখ। ছবিটির চিত্রনাট্য করেছেন নাসিম সাহনিক, রাশেদ শাওন, জিনাত হোসেন ও আপেল মাহমুদ এবং পরিচালনা করেছেন নাসিম সাহনিক।
একদল টিনএজ ছেলেমেয়ে ছুটিতে বেড়াতে যাওয়া ও একটি অভিযানের গল্প নিয়েই ‘গোয়েন্দাগিরি’র কাহিনি। যাঁদের একটি বিশেষ পরিচয় হচ্ছে তাঁরা স্বপ্ন দেখে ভবিষ্যতে বড় গোয়েন্দা হবে। তাঁদের কারো আইডল শার্লক হোমস, কারো ফেলুদা, কারো তিন গোয়েন্দা, কারো আবার জেমস বন্ড! অভিযান শুরু হয় যখন মিডিয়াতে একটি পুরোনো ভূতুড়ে বাড়ি নিয়ে হইচই পড়ে যায় তখন।