রাজশাহীতে প্রাইভেট গাড়িতে ‘সরকারি’ মনোগ্রাম লাগিয়ে মাদক পাচারের ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। জেলার চারঘাট উপজেলা থেকে ৪৯৮ বোতল ফেনসিডিলের চালান নিয়ে ঢাকায় যাবার পথে প্রাইভেটকারটি জব্দ করা হয়ে।
গতকাল বুধবার (১৬ মার্চ) র্যাব-৫ রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে গাড়িটির সামনের গ্লাসে লাগানো ছিল বাংলাদেশ সরকারের মনোগ্রাম। স্বাস্থ্য অধিদপ্তরের সচেতনতামূলক কার্যক্রমের আরেকটি প্রচারপত্রও লাগানো ছিল ওই গাড়িতে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার হাজীখালী গ্রামের নুর আলম (৩৮), রাজশাহীর চারঘাটের পিরোজপুর দক্ষিণপাড়া গ্রামের মিনারুল ওরফে মনিরুল (২৪) ও হাসিবুর রহমান (২০)।
র্যাব-৫, রাজশাহীর নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নুর আলম প্রাইভেটকারের চালক। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তিনি প্রাইভেট কারে নিয়মিত মাদক পরিবহন করেন। তার বিরুদ্ধে আগে থেকেই তিনটি মাদকের মামলা রয়েছে। তারপরও তিনি মাদক চোরাচালানে যুক্ত ছিলেন।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গাড়ির সামনে ‘সরকারি’ মনোগ্রাম লাগিয়ে রাখেন। গ্রেপ্তারের সময়ও তার গাড়িতে ‘সরকারি’ মনোগ্রাম এবং স্বাস্থ্য অধিদপ্তরের একটি কর্মসূচির লিফলেট লাগানো পাওয়া যায়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা করা হয়েছে এবং আসামিদের পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন।