দিন যায়, সময় ঘনিয়ে আসে, বুঝিলা অনুভবে,
গর্ভিণী, চন্দ্রাননা, একথা কহিলা সবে,
ভরিল পুরী সাজ-সাজ রবে, আইলো শুভক্ষণ,
প্রসব বেদনায় হলো কাতর সুবর্ণগর্ভা,
শেখকুলবালা সায়রা, আইল ধাত্রী গর্ভাগারে
অধীর অপেক্ষায় স্বজন প্রিয়জন অঙ্গনে।
১৭ই র্মাচ, ১৯২০ সাল মোতাঃ ১৩২৭
বঙ্গ সনের ২০ চৈত্র, মধুমাসে; ইন্দমতির
ইন্দুবিভা, চৌদিকে, বসন্তবাগে, সৃজিল
মায়াময় ইন্দ্রজাল। মধুমাসের মধুনিশি,
মঙ্গলময় মঙ্গলবার, গাহিল সবে মঙ্গল
গীত: সুপ্রজাবতী প্রসবিলা শেখকুলনন্দন,
হিরণময় প্রভায় ভরিল পুরী, ভাসিল অঙ্গন।
নিশাকর ক্ষণকাল হইলো প্রখর, মেদুর আভায়
ভরিল চৌতরা, পুর; ঘোষিল আযানের সমধুর
ধ্বনি, শুনিল শেখ কুলমণি, জানিল সবে;
চৌদিকে খোশগল্প , আনন্দ উল্লাস,
হাসে নাচে গায়, জীবনের জয়গান।
প্রকৃতি অপূর্ব দৈব শিহরণে, বসন্ত
মলয়ের দোলায়, উঠিল দোলে, পরমানন্দে;
বিহঙ্গকুল করিলো কলরব, মগ্ন হলো
কাকলী লহরিতে কুঞ্জবনে।
পূর্ণিমার শশী, অম্বরে বসি, হেসে জানাল খোশ আমদেদ;
কৃষ্ণচূড়া, শাল্ললী বসুর, হলো আরো
রঙ্গিলা রক্তিম, কুসুমকলি অসময়ে মেলিল
দল, ছড়ালো সুবাস গন্ধবহে।