চীনের অঘোষিত অবরোধে নেপালি ব্যবসায়ীদের ক্ষতি

বিশ্ব এখনো করোনা মহামারিতে জর্জরিত। লকডাউনের কারণে বিশ্বব্যাপী ব্যবসায়ীরা পড়েছেন ক্ষতির মুখে। এসবের মধ্যেই নতুন এক বিপদে নেপালি ব্যবসায়ীরা। চীনের অঘোষিত এক অবরোধে কারণে তাদের লোকসান গুনতে হচ্ছে।

জানা যায়, ক্ষতি কাটিয়ে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে নেপালি ব্যবসায়ীরা এখন চীনা পররাষ্ট্রমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন।

আমদানির জন্য চীনের ওপর সিংহভাগ নির্ভরশীল নেপাল। চীনা কোম্পানিগুলো থেকে রেডিমেড গার্মেন্টস, কসমেটিকস, জুতা, ইলেকট্রনিক পণ্য, স্টেশনারি ও অন্যান্য দ্রব্য আমদানি করে থাকে নেপালের ব্যবসায়ীরা।

স্থলপথে ৯টি রুট দিয়ে চীন থেকে আমদানি করে নেপাল। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ রাসুওয়াগাধি ও তাতোপানি রুট দুটি ২০২০ সাল থেকে বন্ধ করে রেখেছে চীনা প্রশাসন। প্রাপ্ত তথ্য মোতাবেক, এই দুই রুটে কাপড়, জুতা, কসমেটিকস, ইলেকট্রনিক ও শিল্পের কাচামাল বোঝাই অন্তত ২ হাজার কন্টেইনার আটকে রেখেছে তারা।

করোনার অজুহাত দিয়ে এই দুই করিডর দিয়ে দৈনিক গড়ে মাত্র ৪ থেকে ৫টি ট্রাক নেপালে প্রবেশ করাচ্ছে চীন। এসবের বিরুদ্ধে প্রতিবাদও করেছে নেপালি ব্যবসায়ীরা।

শুধু যে করিডর বন্ধ করা হয়েছে এমন না। নেপালি ব্যবসায়ীদের ভোগান্তি আরও বাড়িয়েছে চীনা পরিবহনকারীরা। তারা তাদের পারিশ্রমিক ১৫ হাজার চীনা মুদ্রা থেকে ৬৫ হাজার চীনা মুদ্রায় নিয়ে গেছে। পরিস্থিতি আরও ঘোলাটে করেছে চীনা সরকার। তারা নেপালি ব্যবসায়ীদের কোনো ভিসা দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।