বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হচ্ছে।
নয়াদিল্লি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। নয়াদিল্লিতে নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ ইমরান জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ পর্বে হাই কমিশনার মোহাম্মদ ইমরান ছাড়াও অন্যান্যদের মধ্যে অংশ নেন দূতাবাসের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম আজাদ।
ভিয়েতনাম
যথাযোগ্য মর্যাদা এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভিয়েতনামে উদযাপন করা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। ভিয়েতনামের হ্যানয়তে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে দিবসটি স্বল্প সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও ভিয়েতনামী ব্যক্তিবর্গ, দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গের উপস্থিতিতে দূতাবাসে উদযাপন করা হয়।
সিঙ্গাপুর
যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর। এদিন সকালে চ্যান্সারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম, এনডিসি। জাতির জনকের জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে হাইকমিশনার বক্তব্যের সূচনা করেন। এ সময় জাতীয় শিশু দিবসের মৌল চেতনায় প্রাণিত হয়ে শিশুদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তুলতে হাইকমিশনার সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মচারি এবং প্রবাসী বাংলাদেশীগণ উপস্থিত ছিলেন।
জাপান
বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় এবং যথাযোগ্য মর্যাদায় জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হয়েছে। সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে দূতাবাস প্রাঙ্গনে দূতাবাসের কর্মকর্তা–কর্মচারি ও উল্লেখযোগ্য সংখ্যক আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে রাষ্ট্রদূত কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও মূল অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে অংশ নেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারি, প্রবাসী বাংলাদেশী ও শিশু-কিশোররা।
বাগদাদ, ইরাক
যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ইরাকের বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যসহ উল্লেখযোগ্য ইরাকস্থ প্রবাসী উপস্থিত ছিলেন।
দিবসের শুরুতে রাষ্ট্রদূত মো. ফজলুল বারী দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত প্রবাসীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন। এর মধ্য দিয়ে মুল অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শাহাদাত বরণকারী তার পরিবারের সদস্যদের এবং মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের সমৃদ্ধি ও অগ্রগতি এবং ইরাকস্থ সকল প্রবাসীদের নিরাপদ জীবন কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিবসে কেক কাটা ও সকলকে আপ্যায়নের মাধ্যম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
রিয়াদ, সৌদি আরব
যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে। দিবসটি উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আবুল হাসান মৃধা। এরপর দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দিনটি উপলক্ষে দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে সৌদি আরবের রিয়াদে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীগণ, রিয়াদে অবস্থিত দুটি বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের কয়েকশত শিশু কিশোরেরা অনুষ্ঠানে যোগদান করে।
ফিলিপাইন
বিনম্র শ্রদ্ধা-ভালোবাসায় এবং আনন্দমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালন করেছে ফিলিপাইনস্থ বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে বাংলাদেশ হাউজে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দূতাবাস মিলনায়তনে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে দুপুরের অনুষ্ঠান কার্যক্রম সূচনা হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এফ. এম. বোরহান উদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ নিবেদন করেন। পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। অনুষ্ঠান শেষে মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত সকল শিশুদের মাঝে পুরস্কার এবং সনদ বিতরণ করেন। সবশেষে শিশুদের সাথে কেক কাটা এবং সবাইকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কুনমিংয়, চীন
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস- ২০২২ উদযাপন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিং, চীন। কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসের কর্মসূচির সূচনা করেন। পরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
উজবেকিস্তান
যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দূতাবাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জন্মদিনের কেক কেটে এবং বিভিন্ন খাবারে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
ইতালি
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ (১৭ মার্চ ২০২২) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালি ।
সকাল ৯.৩১ মিনিটে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান জাতীয় সঙ্গীতের সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি সূচনা করেন। সকাল ১০.০০ ঘটিকায় দূতাবাসের সভাকক্ষে দিবসটি উপলক্ষে ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের শুরুতেই দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে এক বিশেষ আলোচনা সভায়, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ অংশগ্রহণ করেন।
এই বিশেষ দিনে দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা ও মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, দোয়া ও মোনাজাত, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে নির্বাচিত অংশ পাঠ, বিশিষ্ট আলোচকদের অংশগ্রহণে আলোচনা সভা এবং প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও ইতালির মিলানে অবস্হিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বাংলাদেশের মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালন করেছে। বিশেষ এই দিনটি উপলক্ষে নানাবিধ কর্মসূচির আয়োজন করে বিসিজি মিলান। দূতাবাস অফিস মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ অত:পর সমবেত শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত আয়োজনের মধ্যেদিয়ে জন্মদিনের কেক কেটে দিনটিকে স্মরণীয় করে রাখা হয়। দূতাবাসের সিনিয়র ভাইস কনসাল মোহাম্মদ শামচুল আহসানের পরিচালনায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ ভার্সুয়াল আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা এবং প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে ১৫ মার্চ কন্স্যুলেট অফিস কক্ষে জাতির পিতার ব্যপ্তি ছড়াতে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
কাতার
কাতারের বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় দূতাবাসের হল রুমে এ জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও কাউন্সিলর (রাজনৈতিক) মাহবুবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা, বাংলাদেশ কমিউনিটির সদস্য ও রাজনৈতিক নেতাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া এ সময় কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটেন রাষ্ট্রদূত। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
কুয়েত
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) স্থানীয় সময় সকালে এ আলোচনা অনুষ্ঠান হয়।
জিহন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কুয়েত বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ব্রাসেলস
বাংলাদেশ দূতাবাস, ব্রাসেলস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২২ উদযাপন করে। অনুষ্ঠানে বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউরোপিয়ান ইউনিয়নে মিশন প্রধান মাহবুব হাসান সালেহ বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামময় জীবন ও আদর্শ পরবর্তী প্রজন্মসহ বিশ্ব দরবারে সকলের কাছে পৌঁছে দিতে সবাইকে একত্রে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সকলের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে দিনের মূল অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়। সকালে দূতাবাসের উদ্যোগে ব্রাসেলসের বেপস ইন্টারন্যাশনাল স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২২ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলটিতে বিশ্বের চল্লিশটিরও বেশি দেশের শিক্ষার্থী অধ্যয়নরত আছে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত সালেহ শিশু শিক্ষার্থীদের সঙ্গে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে পরিচয় করিয়ে দেন। বঙ্গবন্ধুর ওপর নির্মিত একটি গ্রাফিক ডকুমেন্টারি শিশুদের জন্য উপস্থাপন করা হয়। প্রশ্নোত্তর পর্বে শিশুদের মাঝে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানার গভীর আগ্রহ ও কৌতুহল দেখা যায়। অনুষ্ঠান শেষে শিশুদের হাতে ‘মুজিব গ্রাফিক নভেল’-এর ইংরেজি অনুবাদ তুলে দেয়া হয়। দিনের শুরুতে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মায়ামী
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামী-এ যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদ্যাপনকরা হয়। নবস্থাপিত কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে প্রথমবারের মত আয়োজিত এ অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য এবং মায়ামীতে অবস্থানরত উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর কনসাল জেনারেল ও কনস্যুলেটের কর্মকর্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে জাতির পিতার জীবনের ওপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
দিবসটি উপলক্ষে মায়ামীতে অবস্থানরত বাংলাদেশী শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণকারীদের সকলকে কনস্যুলেটের পক্ষ থেকে সনদ প্রদান করা হয় এবং প্রতিযোগিদেরমধ্য থেকে বিজয়ীদের হাতে কনসাল জেনারেল কর্তৃক বিশেষ পুরষ্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শেষে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটাহয় ও উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সুদান
সুদানে বাংলাদেশ দূতাবাস খার্তুমস্থ স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে। দূতাবাস এ উপলক্ষে আল মানার আল জাদীদ প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয়ের বালক ও বালিকা শাখার ছাত্র ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাংলাদেশের স্বাধীনতার ওপর তিনটি ভিন্ন বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করে।
বাংলাদেশ সরকার ২০২১ সালের জুলাই মাসে খার্তুমে বাংলাদেশ দূতাবাস স্থাপন করে। দূতাবাসের কর্মকর্তারা প্রচলিত পদ্ধতিতে সরকারি বিভাগ, গণমাধ্যম ও ব্যবসায়ী মহলে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে তৎপর হয়। দূতাবাস মনে করে স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের মাঝে বাংলাদেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা গেলে ধীরে ধীরে অভিভাবক ও সমাজের অন্য স্তরগুলোতে দীর্ঘ মেয়াদী প্রভাব ফেলবে।
এ উপলক্ষে দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা তাদের পিতামাতা ও শিক্ষকসহ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটে। এ অনুষ্ঠানে দুটি প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয় যা ছাত্রছাত্রীরা খুব আগ্রহের সাথে উপভোগ করে।
সুদানি ছাত্র-ছাত্রী-অভিভাবক-শিক্ষক ছাড়াও বেশ কিছু প্রবাসী বাংলাদেশীও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অভিভাবকরা শিুশুদেরকে নিয়ে আরো অনুষ্ঠান করার জন্য অনুরোধ করে। অনুষ্ঠান শেষে অতিথিদের দেশী খাবার দিয়ে আপ্যায়িত করা হয়।