সাংস্কৃতিক কেন্দ্র-স্কুলে রাশিয়ার হামলা, নিহত ২১ 

বৃহস্পতিবার (১৭ মার্চ) ইউক্রেনের সাংস্কৃতিক কেন্দ্র ও স্কুলে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এতে অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত অন্তত ২৫ জন। স্থানীয় প্রসিকিউটর অফিস এই তথ্য জানিয়েছে। 

আঞ্চলিক প্রসিকিউটর তাদের ফেসবুক পোস্টে বলেন, বৃহস্পতিবার ভোরে খারকিভ শহরের বাইরে মেরেফা শহরের একটি স্কুল ও একটি সাংস্কৃতিক কেন্দ্রে আর্টিলারি গুলি চালায় রুশ বাহিনী। এতে আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। 

প্রসিকিউটরের বিবৃতিসহ এক ছবিতে দেখা গেছে, কয়েক তলা বিশিষ্ট একটি ভবনের মাঝখানে ধ্বংস হয়ে গেছে। জানালাগুলো উড়ে গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) পর্যন্ত টানা ২২ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে লড়াই। এতে দুই পক্ষের মধ্যে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।