কিছু কিছু সম্মাননা ঘোষণা হওয়ার পর তা আর ব্যক্তিগত আনন্দ থাকে না। হয়ে ওঠে সবার। বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের একুশে পদক পাওয়ার ঘোষণার পর তার আনন্দ-উচ্ছ্বাসটা ছিল যেন নজরকাড়ার মতো। এই শিল্প মাধ্যমের সকল শাখা, উপশাখায় এই মানুষটির বিচরণ। তাই গত ১৬ মার্চ সন্ধ্যাটা যেন অন্যরকম হয়ে ওঠে।
আফজাল হোসেনকে চমকে দিতে চায় তার সকল সহকর্মীরা। নিজের বিজ্ঞাপণী প্রতিষ্ঠান মাত্রা থেকে আয়োজন করা হলেও আফজাল হোসেনকে জানানো হয়নি কোনোকিছুই। শিল্পীর একান্ত বন্ধু, স্বজন একসাথে হয়েই জানান তাদের প্রিয় এই কিংবদন্তীকে।
ভালোলাগার অনুভূতি জানাতে গিয়ে অভিনেতা শাহেদ আলী বলেন, ‘সত্যিই আফজাল ভাই তো আমাদের একান্তের ভালোলাগার মানুষ। কিংবদন্তীর জীবদ্দশায় যাবতীয় আয়োজন এমনই হওয়া উচিত। পুরো আয়োজনে তার কাছের মানুষ হিসেবে থাকতে পেরে খুবই ভালো লেগেছে। সবাই মিলে দারুণ এক সন্ধ্যা কাটাতে পেরেছি।’
আফজাল হোসেনের একাধিক জিঙ্গেলের কম্পোজিশন থেকে শুরু করে তার সহযাত্রী হিসেবে ছিলেন, আছেন সংগীত পরিচালক রিপন খান। রিপন খান বলেন, ‘আফজাল ভাই আমাদের অতি আপনজন। তার এই প্রাপ্তি মানে আমাদের প্রাপ্তি। করোনাক্রান্ত সময়ের ভেতরে আমরা একে অপরের সংস্পর্শ থেকে এতটু দূরে চলে গিয়েছিলাম যে, দেখা সাক্ষাতই যেন হচ্ছিল না। সেক্ষেত্রে আফজাল ভাইয়ের এই প্রাপ্তি উপলক্ষে এমন আয়োজন সত্যিই এক স্মরনীয় সন্ধ্যার উদযাপন হলো। প্রিয় এই মানুষটা সুস্থ সুদীর্ঘ জীবন কামনা করি।’ ছিলেন পপতারকা মেহরীন। তিনি বলেন, ‘আফজাল ভাইয়ের মতো এমন আইকন তো আর নেই আমাদের। তিনি আমাদের আরাধ্যজন। তার এই প্রাপ্তি ঘিরে একটি আয়োজনে থাকতে পেরেছি, এটা ভেবেই খুব ভালো লেগেছে। সত্যিই এমন কিংবদন্তীর হাতে প্রাপ্য সম্মাননা উঠলে তা হয়ে ওঠে অনবদ্য। ভালোলাগা এক সন্ধ্যা কাটালাম। বিশেষ করে আফজাল ভাই তো তার কাজ দিয়ে আজীবন চমকে দিয়েছেন। আমরা সবাই মিলে যে তাকে চমক লাগাতে পারলাম। এটাই বড় আনন্দের মুহূর্ত ছিল।’
আফজাল হোসেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তো কিছুই জানতাম না। বিকেলের দিকে একটু আঁচ করতে পারছিলাম। তবে পুরোটা না। এই যে আনন্দেও ভাগাভাগি করে নেওয়া। জীবনে এটাই তো বড় সুখ। এমন ভালোবাসায় কৃতজ্ঞতা ছাড়া তো কিছু বলতে পারি না। তবে ব্যক্তিগতভাবে কিছুটা লজ্জাও লাগে। অনুষ্ঠানের আয়োজন দেখে আরও অনেকের কথাই মনে পড়ল। তখন ভাবলাম আমি জানলে হয়তো আরও অনেককে জড়ো হতে বলতাম। একসঙ্গে কিছুটা সময় আনন্দে কাটানো যেত। সবার ভালোবাসাটাই কুড়াতে চায় মানুষ। সেদিক দিয়ে এই চাওয়ার কোনো শেষ হয় না। সবাই দোয়া করবেন আমার জন্য।’