বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বিজিবি

জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচির অংশ হিসেবে সকালে বিজিবি সদর দপ্তরসহ অন্যান্য সকল ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১ টায় বিজিবি সদর দপ্তরসহ অন্যান্য সকল ইউনিটে বঙ্গবন্ধুর জীবনীর উপর বিশেষ আলোচনা এবং ১৯৭৪ সালের ৫ ডিসেম্বর তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণ ও ‘সতীর্থ এসো সত্যাশ্রয়ে জাতির পিতা বঙ্গবন্ধু’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিজিবি সদর দপ্তর, পিলখানাস্থ সীমান্ত সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বিজিবি মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধুর জন্ম একটি ইতিহাস। বঙ্গবন্ধুর জন্মের সঙ্গে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গবন্ধুর জন্মের মধ্য দিয়ে একজন রূপকারের জন্ম হয়েছিল। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বাংলাভাষা একইসূত্রে গাঁথা। 

বিজিবি মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। এলক্ষে তিনি কাজও শুরু করেছিলেন, কিন্তু শেষ করে যেতে পারেননি। জাতির পিতার স্বপ্ন পূরণে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অদম্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে।

জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাদ যোহর পিলখানাস্থ কেন্দ্রীয় মসজিদসহ সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিট কর্তৃক বিশেষ মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া এবং দেশ ও মানুষের সমৃদ্ধি কামনা করা হয়।