রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন সাংবাদিক কামাল হোসেন তালুকদার। ছিনতাইকারীর ধাক্কায় পাশের একটি গাড়িতে পড়ে আহত হয়েছেন তিনি। ঠোঁট কেটে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সেলাই নিতে হয়েছে তাকে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক।
আহত সাংবাদিক কামাল হোসেন তালুকদারের স্ত্রী শাহনাজ পারভীন বলেন, বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মুন্সীগঞ্জে ‘ফ্যামিলি ডে’ ছিল। সেই অনুষ্ঠান থেকে বাসে ঢাকায় ফেরার পর গুলিস্তানে আওয়ামী লীগের অফিসের সামনে নেমে যাই। সেখান আজিমপুরের যাওয়ার জন্য রিকশায় উঠতে যাব, এমন সময়ে পেছন থেকে দ্রুত গতিতে এক লোক দৌড়ে এসে তাকে জোরে ধাক্কা দেয়। তিনি সামলাতে না পেরে দুই তিন পাক ঘুরে একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা খান। ধাক্কা খেয়ে তার ঠোঁট অনেকখানি কেটে যায় এবং প্রচুর রক্তপাত হয়।
কামালের হাতে তখন ব্যাগ ও মোবাইল ফোন ছিল জানিয়ে শাহনাজ বলেন, তা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই হামলা করে। কিন্তু তার কাছ থেকে কোনো কিছুই নিতে পারেনি। তার চিৎকারে লোকজন জড়ো হয়ে যাওয়ায় ধাক্কা দেওয়া লোকটা খুব দ্রুতগতিতে পালিয়ে যান।