এক জামাতে ভীষণ খুশি
দুই জামা তো চাইনি
‘উপহারে’র নামে কোনো
বাড়তি পোশাক পাইনি।
পুরোন জুতোয় নতুন পালিশ
তাতেই মনে সুখ
ঈদ-সকালে সুরমা চোখে
আয়না দেখা মুখ।
ঈদকার্ডে রঙিন ছবি
ঈদ মোবারক লেখা
সবাই মিলে ছুটোছুটি
এক ফালি চাঁদ দেখা।
পাড়া ছিল, পড়শি ছিল
মেহিদ পরা সাজ
ঈদ মানে তো কোলাকুলি
জায়নামাজে ভাঁজ।
যার মতো যার রান্নাবাড়া
নেইকো কানাকানি
মুরব্বিদের কদমবুসি
বন্ধ হানাহানি।
মা পরতেন তাঁতের শাড়ি
চুলে জলের ঘ্রাণ
ঈদের ভোরে সেই ছবিটা
জুড়িয়ে দিত প্রাণ।
রোজা আসার আগেই এখন
বাজে ঈদের গান
ব্যবসায়ীরা ‘ঈদ কিনেছে’
আনন্দ খান খান।
টিভির বুকে বিজ্ঞাপনের
মিথ্যে চটক কত
ঈদ আসে না ঘরে ঘরে
তাই তো আগের মতো।
এক কাতারে দাঁড়িয়ে সবাই
আওয়াজ তোলো চরম
বন্দি ঈদের চাই মুক্তি
ব্যবসায়ী পাক শরম।