তৃতীয়বারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ঘরে তুললেন জয়া

তৃতীয়বারের মতো ভারতের অন্যতম স্বীকৃতি মঞ্চ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ঘরে তুললেন ঢালিউড অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে কলকাতা শহরে বসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার জমকালো এই আসর। এদিন প্রায় মধ্যরাতে তারকাখচিত আসরে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করা হয়।

‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয়ের জন্য জনপ্রিয় শাখায় এ পুরস্কার অর্জন করেন জয়া।

এ বছর ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী। সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়াকে লড়তে হয়েছে টলিউডের স্বনামধন্যাদের সঙ্গে- অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী ও রুক্মনি মৈত্র। শেষ হাসিটা হাসলেন জয়াই।

জয়া আহসান। ছবি: সংগৃহীত

এর আগে টালিউডের ছবি ‘বিসর্জন’ এর জন্য জনপ্রিয় শাখায় (১৭ ফেব্রুয়ারি ২০১৮) এবং ‘রবিবার’–এর জন্য সমালোচক বিভাগে একই পুরস্কার পান (৩১ মার্চ ২০২১) জয়া আহসান।