মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ডে ভূষিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপিকে স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২’ দিয়েছে মালদ্বীপ সরকার।  

বাংলাদেশের ক্রীড়ার মান উন্নয়নে অনন্য অবদান ও মালদ্বীপের ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের বিশেষ সহযোগিতার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয়।  

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে মালদ্বীপের রাজধানী মালেতে জমকালো পুরস্কার বিতরণী  অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালদ্বীপের  রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন।  রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহর নিকট থেকে সম্মানজনক এ বিশেষ  পুরস্কার গ্রহণ করেন মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণকালে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল মালদ্বীপ সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, বন্ধু রাষ্ট্র মালদ্বীপ সরকারের রাষ্ট্রীয় এ পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এ অর্জন শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের সব মানুষের অর্জন। এ অর্জন প্রধানমন্ত্রীর সীমাহীন ত্যাগ ও দেশপ্রেমের ফসল। আমি মালদ্বীপ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশকে এভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত করার জন্য।

প্রতিমন্ত্রী বলেন,  ‘আজ (১৭ মার্চ)  আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই শুভ দিনে পুরস্কার পেয়ে আমি নিজেকে অনেক সম্মানিত মনে করছি। আমি মালদ্বীপের জনগণের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি মালদ্বীপের রাষ্ট্রপতি এবং মালদ্বীপের যুব ও ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, এ স্বীকৃতি বাংলাদেশ ও মালদ্বীপের যুব ও ক্রীড়ার উন্নয়নে আরও বেশি কাজ করতে আমাকে অনুপ্রেরণা যোগাবে।

‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে আরও পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নমাল রাজাপাকসে ও সৌদি আরবের ক্রীড়া উপমন্ত্রী আল কাদি বদর আব্দুল রহমান । ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' ক্যাটাগরিতে  পুরস্কার পেয়েছেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুমসহ অন্যরা। ‘স্পোর্টস আইকন অ্যাওয়ার্ড' ক্যাটাগরিতে  পুরস্কার পেয়েছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস, ভারতের সাবেক অধিনায়ক সুরেশ রায়না, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া, ডাচ ফুটবলার এডগার ডেভিডসসহ বিশ্বসেরা ক্রীড়াবিদরা।