প্রায় যানশূন্য পাটুরিয়া ঘাট, অপেক্ষায় দাঁড়িয়ে ফেরি

প্রতি বছরের ঈদযাত্রায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয় পাটুরিয়া ফেরি ঘাটে। ফেরি পারাপারের জন্য থাকে দীর্ঘ লাইন। তবে এ বছর এই ফেরি ঘাটের দৃশ্যটি ভিন্ন। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঘাট এলাকায় ফেরি পারাপারের জন্য লাইনে কোন ধরনের গাড়িকে অপেক্ষা করতে দেখা যায়নি। ঘাটে গাড়ি আসা মাত্র তা কোন ধরনের অপেক্ষা ছাড়াই উঠে যাচ্ছে ফেরিতে। 

জানা যায়, ঈদযাত্রাকে সামনে রেখে ঘাটে বসানো হয়েছে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প। একই সঙ্গে জরুরী প্রয়োজনের জন্য প্রস্তুত রাখা হয়েছে মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স। এছাড়াও ঘাটে যানবাহন চলাচল সুশৃঙ্খল রাখতে পাটুরিয়া ফেরিঘাট থেকে নবগ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কে অস্থায়ীভাবে সড়ক বিভাজক বা রোড ডিভাইডার বসিয়েছে পুলিশ। যানবাহনের অপেক্ষায় ফেরিগুলো নোঙর করে রাখা হচ্ছে ঘাটে। 

শনিবার বেলা ১২টার দিকে পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এ সময় তিনি ঘাটে উপস্থিত লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলেন। ঘাট এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'এই ঈদে ঘরমুখো কোনো যাত্রীকে দুর্ভোগ পোহাতে হবে না। পুলিশ ও বিভিন্ন দপ্তরের সমন্বয়ে অতীতের যেকোনো সময়ের চেয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন যানবাহন ঘাটে আসা মাত্রই ফেরিতে উঠার সুযোগ পাচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ও ঘাট এলাকায় ব্যাপক পুলিশি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। আশা করি এবার মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারবে।' 

আরও পড়ুন:  টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি সালেহ মো. তানভির, জেলা  প্রশাসক এসএম ফেরদৌস, মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহম্মেদ, শিবালয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. রেজাউর রহমান খান জানু প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি