নওগাঁয় ১ লাখ ৭৫ হাজার ৫৮৪ পরিবার পাবে টিসিবি পণ্য

সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় এ বছর রমজান মাসকে কেন্দ্র করে নওগাঁয় ১ লাখ ৭৫ হাজার ৫৮৪টি নিম্নআয়ের ফ্যামিলি কার্ডধারী পরিবার পাচ্ছে কম মূল্যে টিসিবির পণ্যসামগ্রী। 

শনিবার (১৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এই তথ্য জানান।

আগামীকাল ২০ মার্চ থেকে টিসিবি পণ্য জেলার তিনটি পৌরসভা ও ১১টি উপজেলায় টিসিবির নির্ধারিত ৩১ জন ডিলারের মাধ্যমে এ পণ্য বিতরণ করা হবে। রোজার আগে ও পরে দুই ধাপে এ পণ্য বিতরণ করা হবে। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে এবং দ্বিতীয় কিস্তির পণ্য দেয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।

টিসিবির পণ্যের মধ্যে রয়েছে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা। এর মধ্যে ৫৫ টাকা কেজিতে দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজিতে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা কেজিতে দুই লিটার তেল ও ৫০ টাকা কেজিতে দুই কেজি ছোলা বিক্রি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারীরা না আসলে ট্যাগ অফিসারের প্রত্যায়নপত্র ডিলাররা নিয়ে উপস্থিত জনগণের কাছে তা বিক্রি করে দিয়ে আসতে পারবে ডিলাররা।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা লিজাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।