রংপুরের পীরগাছায় ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যার ঘটনায় মামলার প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। হত্যার সাথে জড়িত আসামিরা ঢাকা জেলার সাভার থানা এলাকায় আত্মগোপনে রয়েছে।
প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৮ মার্চ) বেলা ৫টার দিকে ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর একতা হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর আত্মহত্যার প্ররোচনা মামলার ৪ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হলেন, মো. শাহজাহান ইসলাম বাদল (৫০), মো. ইমদাদুল হক (৩৫), মোছা. শামীমা ইয়াসমিন সাথী (২৩), মোছা.
বিথী আক্তার (৩০)।
মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) র্যাব ১৩ এক প্রেস বার্তায় জানান, গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার সময় রংপুরের পীরগাছা থানা এলাকায় জনৈক ইমরোজ হোসেন রনি (৩০) নামক এক যুবক ফেসবুক লাইভে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেন। ফেসবুক লাইভে তিনি তার আত্মহত্যার জন্য স্ত্রী, শ্বশুর, চাচা শ্বশুর ও ভায়রা ভাইসহ শ্বশুরবাড়ির আরও কিছু সদস্যকে দায়ী করেন। ঘটনা তদন্তে জানা যায় যে, গত ৪ বছর পূর্বে একই উপজেলার পশ্চিম হাগুরিয়া হাশিম গ্রামের দিনমজুর বাদল মিয়ার মেয়ে শামীমা ইয়াসমিন সাথীকে ভালোবেসে বিয়ে করেন ভিকটিম ইমরোজ হোসেন। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ তাদের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। মনোমালিন্যের সূত্র ধরে দেনমোহরের ৫ লাখ টাকা ও ভরণপোষণ দাবি করে আসছিলেন। এক পর্যায়ে কাউকে না বলে ভিকটিমের স্ত্রী তার চাচা মুকুল মিয়ার বাড়িতে চলে যান। ভিকটিম তার স্ত্রীকে আনতে গেলে ভিকটিমের শ্বশুর বাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে অপমান অপদস্ত করে। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিম ফেসবুক লাইভে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। যার প্রেক্ষিতে র্যাব আসামিদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করে।
গোয়েন্দা অনুসন্ধান এবং স্থানীয় সোর্সের সহায়তায় জানা যায় যে, উক্ত হত্যার সাথে জড়িত কয়েকজন আসামি ঢাকা জেলার সাভার থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার বেলা ৫টার দিকে ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর একতা হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর আত্মহত্যার প্ররোচনা মামলার ৪ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কৃত আসামিরা উক্ত আত্মহত্যার ঘটনায় প্ররোচনার সাথে জড়িত বলে র্যাবের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে। তাদের আজ শনিবার (১৯ মার্চ) রংপুর জেলার পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।