স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, দেশে ধর্মীয় কোনো বিভেদ নেই। কিছু অসাধু মানুষ আছে যারা রাজনৈতিকভাবে ধর্মকে বিভাজন করে। বিএনপি যখন ক্ষমতা ছিল তখন সারের জন্য কৃষকরা বিক্ষোভ করেছেন। বিএনপি সরকার নিরপরাধ ১৭ জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। বর্তমানে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে।
শনিবার সকালে কুমিল্লার লাকসাম উপজেলার চাঁনগাঁও কোয়াঁর ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে উপসংঘরাজ দর্শনবারিধি অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, লাকসাম উপজেলা চেয়ারম্যান ইউনুস ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।
পরে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যদিয়ে ধর্মগুরুকে চির বিদায় দিতে বিভিন্ন জেলার বৌদ্ধধর্মাবলম্বীরা অংশ নেন।