রায়গঞ্জে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী আটক 

রায়গঞ্জে নার্গিস বেগম (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। সে নিমগাছি বিলেরপাড় গ্রামের রেজাউলের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রেজাউল করিমকে আটক করেছে পুলিশ।  

নিহতের স্বজন ও রায়গঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে নার্গিস বেগমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ বাড়িতে এনে স্বজনরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান ও রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধার করেন। 

স্বজনরা জানান, স্বামীর লাঠির আঘাতেই নার্গিস বেগম অচেতন হন। মারা যাওয়ার আগে নার্গিস সে কথা স্বজনদের জানান। এ ব্যাপারে মামলা হয়েছে। 

মামলার আইও রায়গঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক হোসাইন জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।