জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

জয়পুরহাট-বগুড়া সড়কের বানিয়াপাড়া এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান (৪০) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে জয়পুরহাট-বগুড়া মহা সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, নিহত আতিকুর রহমান জয়পুরহাট সদর উপজেলার বানিয়া পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে এবং বম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। মোটরসাইকেলের অপর আরোহী আহত আমিনুল ইসলাম একই গ্রামের মামুন হোসেনের ছেলে। আতিকুর ও আমিনুল বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে জয়পুরহাট শহরে যাচ্ছিল। পথে হারাইল এলাকায় বটতলীগামী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আতিকুর এবং আমিনুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকুরকে মৃত ঘোষণা করেন। আমিনুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।