সাভারের আশুলিয়ায় এক স্কুলছাত্রীর (১৮) আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৩ টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৮ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম রনি (২০)। আশুলিয়ার নিরিবিলি স্বপ্নবিলাস এলাকার দেলোয়ার হোসেন ওরফে দিলা মিয়ার ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি। এছাড়া সে ওই স্কুল শিক্ষার্থীর বড় ভাইয়ের বন্ধু বলে জানা গেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষক রনি ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের কাছে তিন হাজার টাকা মাস চুক্তিতে তিন বেলা খাবার খেতো। গত বছরের মাঝামাঝি সময়ে ভাই ও মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে রনি ওই শিক্ষার্থীর পোশাক পরিবর্তনের আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে গত বছরের ১ জুলাই দুপুরে ধর্ষণ করে। এরপর একইভাবে আরও কয়েকবার ধর্ষণের শিকার হয়। এরপর স্কুল ছাত্রী তার মাকে বিষয়টি খুলে বলে। পরে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়া থানায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। এরপর আশুলিয়া থানা পুলিশ অভিযুক্ত রনিকে গ্রেফতার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শ্যামলেন্দু ঘোষ বলেন, স্কুল ছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে।