সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। গত ১৭ মার্চ স্থানীয় সময় সকালে রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি।বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহসান-ই-এলাহী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ভিত্তিতে শিশুদের জীবন গড়ে তোলার জন্য প্রবাসী অভিভাবকদের প্রতি আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে শিশুদের সঠিক ইতিহাস শিক্ষার প্রতি তিনি বিশেষ জোর দেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা ও মানবিক গুণাবলীর ওপর আলোকপাত করেন।
রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান বলেন, জাতির পিতা জীবন সংগ্রামের ফল হিসেবে আজকের বাংলাদেশের শিশুরা একটি সুন্দর সমৃদ্ধ ভবিষ্যত লাভ করেছে। এছাড়া তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন এবং জাতি বিনির্মাণ ও সদ্য স্বাধীন দেশের আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-প্রথম সচিব মাহবুবুর রহমান, ইকোনমিক মিনিস্টার ড. মো. আল-আমিন প্রামানিক, কমার্শিয়াল কাউন্সিলর দেবব্রত চক্রবর্তী, কাউন্সিলর মো. কামরুজ্জামান ও প্রথম সচিব (বাণিজ্য) মো. আলমগীর কবির।
এ সময় মিশনে প্রবাসী শিশুদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।