চরভদ্রাসনে বালুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১ 

ফরিদপুরের চরভদ্রাসনে বালুবাহী ট্রাকের ধাক্কায় মারা গেছেন এক অটো পেইন্টার যুবক। রবিবার (২০ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর ইউনিয়নের টিলারচর গ্রামে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।   

নিহত মো. সাইফুল ইসলাম (৪৭) টিলারচর গ্রামের মৃত আব্দুর রহমান মৃধার ছেলে।

সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান বলেন, রাতদিন এ সড়কসহ উপজেলার সর্বত্র বেপরোয়া গতিতে বালুবাহী ট্রাক ও মাটি-বাহী ট্রলি চলাচল করে। আজ দুর্ঘটনায় একটি পরিবারের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তিনি দ্রুত ঘাতক ট্রাকের চালককের উপযুক্ত বিচার দাবী করেন।   

ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আহত রিকশাচালক হাসপাতালে ভর্তি রয়েছে। ঘাতক ট্রাকটি আটকের বিষয়ে কাজ করে যাচ্ছেন তারা। অভিযোগের ভিত্তিতে ট্রাক ও ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।