শাবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুই ধাপে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে, সকাল সকাল সাড়ে ৯ টায় 'এ' ইউনিট এবং দুপুর আড়াইটায় 'বি' ইউনিটের শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

দুই পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন,  শাবি ক্যাম্পাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এ বিশ্ববিদ্যালয়ে তোমরা তোমাদের মেধার স্বাক্ষর রেখে ভর্তির সুযোগ পেয়েছো। আমি মনে করি তোমরা তোমাদের সেই মেধাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবে। লেখাপড়া করে দেশের কাজে অবদান রাখবে। আর তোমাদেরকে মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয় আজীবন থাকার জায়গা নয়, তোমরা নিয়মিত পড়ালেখা শেষ করবে। 

শাবি উপাচার্য আরও বলেন, শিক্ষা ও গবেষণায় দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের শাবি। এখানে শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণায় নিয়মিত নিয়োজিত রয়েছেন। এ গবেষণা খাতে এ বছরের বাজেট ৮ কোটি। যা গবেষণা খাতকে আরও সমৃদ্ধ করবে। এমনকি ওয়েব মেট্রিক্সের তথ্য অনুসারে দেশের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩য় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১ম স্থান অর্জন করেছে৷ এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত ও সুশাসনের চিত্র তুলে ধরেন তিনি।
  
অনুষ্ঠানে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির সদস্য সচিব চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক  অধ্যাপক আমিনা পারভীন, ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেলের পরিচালক অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী।  


এসময় বিভিন্ন অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষকবৃন্দ, নবীন শিক্ষার্থী, দপ্তর প্রধানগণসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।