নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া এম এল আফসার উদ্দিন নামের লঞ্চটি উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে লঞ্চটি উদ্ধার করে নারায়ণগঞ্জ বন্দর থানার কাশিপুর খালের উত্তর পাড়ে রাখা হয়েছে।
এর আগে রবিবার (২০ মার্চ) রাত পৌনে ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাতের মতো তল্লাশি অভিযান স্থগিত রাখেন উদ্ধারকর্মীরা।
রবিবার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চকে এম ভি রুপসী-৯ নামের কার্গো জাহাজ ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে ডুবে যায়। পরে লঞ্চডুবির ঘটনায় ছয়জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী, দুটি শিশু ও একজন বৃদ্ধ রয়েছে।
নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, উদ্ধার করা মরদেহের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মুন্সীগঞ্জের ইসলামপুর এলাকার মৃত জুলফিকার আলীর ছেলে জয়নাল (৫৫), মুন্সীগঞ্জের দিন ইসলামের স্ত্রী আরিফা বেগম (৩৫) ও তার ছেলে সন্তান সাফায়েত (১৫)।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের সোমবারের (২১ মার্চ) মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। লঞ্চ ডুবে যাওয়ার কারণ, কারা দোষীসহ সব কিছু উল্লেখ করতে বলা হয়েছে।