চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রাক-বাজেট আলোচনায় দেশি সিগারেট উৎপাদনকারীদের পক্ষ থেকে দু’টি প্রস্তাবনা দেওয়া হয়েছে। রবিবার (২০ মার্চ) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে লোকালি সিগারেট ম্যানুফেকচারার মালিক সমিতির পক্ষে আবদুল আউয়াল মোহন প্রস্তাবনা দুইটি উপস্থাপন করেন।
প্রস্তাব দু’টি হচ্ছে, ২০১৭-১৮ অর্থবছরে নিম্নস্তরে মূল্য বিভাজন সংক্রান্ত পদক্ষেপ অনুযায়ী দেশি ও আন্তর্জাতিক সিগারেটের প্রতি শলাকায় দামের মধ্যে ন্যূনতম ১ টাকা পার্থক্য করে বর্তমান প্রেক্ষাপটে প্রতি ১০ শলাকার মূল্য দেশি সিগারেট ৩৯ টাকা ও আন্তর্জাতিক সিগারেট ৪৯ টাকায় দাম নির্ধারণ।
অথবা ২০১৮-১৯ অর্থ বছরের অনুমোদিত বাজেট অনুযায়ী বর্তমানে বাজারে নিম্নস্তরে বিদেশি কোম্পানির বাজারজাতকৃত আন্তর্জাতিক সিগারেটের ব্র্যান্ড মধ্যস্তরে উন্নীত করে নিম্নস্তর শুধু দেশি কোম্পানির দেশি সিগারেটের জন্য সংরক্ষিত রাখা।
প্রস্তাব দু’টির যেকোনো একটি বাস্তবায়িত হলে, সরকারের রাজস্ব আদায় বর্তমান বছরের তুলনায় ২২ থেকে ৩৮ শতাংশ পর্যন্ত বাড়বে।
চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এতে আরও উপস্থিত ছিলেন-এনবিআর সদস্য (কাস্টমস নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (আয়কর নীতি) সামস উদ্দিন আহমদ ও সদস্য (মূসক নীতি) জাকিয়া সুলতানা।