পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদীতে সুসজ্জিত ২২০টি নৌকা দিয়ে প্রদর্শনীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানো হয়েছে।
সোমবার বেলা ১০টা ৪২ মিনিটে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরে ১১টা ১৫ মিনিটে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদীতে শুরু হয় নৌকা প্রদর্শনী। এ সময় নৌকা প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় উপকূলের মানুষের জীবন বৈচিত্র্য। নৌকায় গান পরিবেশনসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয় রাবনাবাদ নদী এলাকা। এ সময় নৌকায় থাকা জেলেদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
এর আগে সকালে নৌকাগুলো রাবনাবাদ নদী মোহনায় সারিবদ্ধভাবে রাখা হয়। এর মধ্যে ১০০ নৌকা ছিল পালতোলা, ১০০ নৌকায় ছিল প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন এবং বাকি ২০টি নৌকায় ছিল নিরাপত্তাকর্মীরা। প্রতিটি নৌকায় চারজন করে মোট ৮৮০ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এরপর ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৬ সালে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন তিনি।