দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বাংলাদেশ স্কাউটের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় স্কাউট ভবনের শামস হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (জনসংযোগ ও বিপণন) এম এম ফজলুল হক আরিফ।
ড. মো. মোজাম্মেল হক বলেন, ভালো কাজ করার জন্য ভালো মানুষের দরকার। স্কাউটিংকে আমরা সেই শিক্ষা দিই। শারীরিকভাবে ও আদর্শিকভাবে নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেই শিক্ষা দেওয়া হয়। তারা যাতে আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে। এ সময় স্কাউট নিয়ে সাংবাদিকদের মতামত দেওয়ার জন্য ধন্যবাদ দেন তিনি।
বার্তা সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্কুলে যে দুটি স্কাউটের কথা বলেছেন সেটি করা গেলে ভালো হবে। যে দুটি বলেছেন সেটি হলো-স্কাউট ও গার্লস গাইড। দু’টি করা না গেলে অন্তত একটি করা গেলেও ভালো হবে।
দৈনিক অবজারভার সম্পাদক ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বাংলাদেশ স্কাউট তার জন্মলগ্ন থেকে পজিটিভ ইমেজ নিয়েই আছে। দেশের প্রত্যেক স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্কাউটে যাতে অংশ সেই ব্যবস্থা করত হবে। এতে দেশ উপকৃত হবে।
টিভি টুডে-এর প্রধান সম্পাদক ও সিইও মনজুরুল আহসান বুলবুল বলেন, করোনায় ছেলে-মেয়েরা গৃহবন্দী হয়ে পড়েছে। তাই বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্কাউট ভূমিকা রাখতে পারে। শারীরিক ও মানসিক গঠনেও ভূমিকা রাখতে পারে। করোনায় অনেক গ্যাপ হয়ে গেছে, এজন্য স্কাউটকে কাজ করতে হবে।
এটিএন নিউজ-এর প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা বলেন, আমি মনে করি স্কাউট একটা ব্র্যান্ড। এটা ভালোভাবে প্রচার করতে হবে। স্কাউট ভবিষ্যতে লিডারশিপ তৈরি করে। শ্রদ্ধা ও ভালো দিয়েই আমরা স্কাউট এগিয়ে নিতে চাই।
এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা পারভীন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, এটিএন বাংলা প্রধান প্রধান নির্বাহী সম্পাদক সম্পাদক জ ই মামুন, বাংলা ট্রিবিউন-এর হেড অব নিউজ মাসুদ কামাল ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেনসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।