জাবিতে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ওপেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘আইবিএ-ঢাবি’ ও নভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দল ‘বিউপি বি’।

সোমবার (২১ মার্চ) বিকালে সংগঠনটির প্রেস ও মিডিয়া সম্পাদক মো. জাহিদুল ইসলাম নাবিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘নেতৃত্বে নারী: কোভিড-১৯ বিশ্বে সমান ভবিষ্যৎ অর্জন‘ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের ১০টি দেশের বিশ্ববিদ্যালয় থেকে ৩৬টি বিতার্কিক দল অংশগ্রহণ করেছে।

জানা যায়, গত ১৬ মার্চ এ প্রতিযোগিতা শুরু হয়। পরে ১৭ মার্চ ১৬তম জাতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জাবি শিক্ষার্থী রাতুল হাসান, দ্বিতীয় হয়েছেন জাবি শিক্ষার্থী তাসফিয়া আফরিন ফারিয়া ও তৃতীয় হয়েছেন আইইউবি’র শিক্ষার্থী ওয়াসি চৌধুরী। এরপর ১৮ মার্চ থেকে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড ও সেমিফাইনাল অনলাইন মিডিয়া প্লাটফর্ম ডিহকর্ড ও জুমে অনুষ্ঠিত হয়।

ওপেন ক্যাটাগরিতে চারটি দল ফাইনালে উঠে। তারা হলো- আইবিএ ঢাবি, এএনএসইউ ১, ডিসি রেইকারনেটেড সিই ও ডিসি রেইনকারনেটেড এসি। এর মধ্যে, ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকা থেকে ডিসি রেইনকারনেটেড সিই ও ডিসি রেইনকারনেটেড এসি অংশগ্রহণ করেন। অন্যদিকে নভিস ক্যাটাগরিতেও চারটি দল ফাইনালে উঠে। তারা হলো- বিউপি বি, সিএমসিডিসি, আইবিএ ঢাবি সি এবং ইউআইইউ ডিসি।

গত ২০ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সশরীরে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে নভিস ক্যাটাগরির চারটি দল সশরীরে এসে ফাইনালে অংশগ্রহণ করে। তবে ওপেন ক্যাটাগরিতে দু’টি দল অন্য দেশ থেকে অংশগ্রহণ করেছে। ফলে তারা জুমের মাধ্যমে যুক্ত হয়। ওপেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘আইবিএ-ঢাবি’ ও নভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) দল ‘বিউপি বি’। ওপেন ক্যাটাগরিতে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন জাফির ওয়াফি ও নভিস ক্যাটাগরিতে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন রেমন্ড।

এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল ‘দৈনিক ইত্তেফাক’, ‘বিজনেস স্ট্যান্ডার্ড’, ‘ঢাকা এফএম’ ও ‘ঢাকা পোস্ট’ এবং ম্যাগাজিন পার্টনার হিসাবে ছিল ‘অনন্যা’।