জামাত-বিএনপির রাজনীতি ষড়যন্ত্র আর চক্রান্তের: শেখ পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ২০২৩ সালে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে বিএনপি-জামাত একটা প্রতিপক্ষ, তারা এই দেশটাকে কখনোই চায় নাই এবং তাদের রাজনীতির মূল লক্ষ্যই হলো ষড়যন্ত্র আর চক্রান্ত করা। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। এই দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। আপনারা সজাগ থাকবেন যেন ষড়যন্ত্রকারীরা দেশকে নিয়ে কোন রকম ষড়যন্ত্র বা চক্রান্ত করতে না পারে। 

সোমবার (২১ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া ১০০০ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি বলেন, আজকের আয়োজন একটা বিশেষ কারণে, একটা বিশেষ ব্যক্তির জন্য। যে মানুষটি আপনাদেরই সন্তান, আপনাদেরই এই মাটির সন্তান। এই মাটিকে যে ভালবেসেছিল, আপনাদেরকে যে ভালবেসেছিল সেই মানুষটির জন্মদিন, জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী নিয়ে আপনাদের কাছে এসেছি।

তিনি আরও বলেন, আমাদের ৭ম জাতীয় কংগ্রেসের পর থেকে এবং করোনা মহামারিতে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের মাঝে ত্রাণ সামগ্রী এবং প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। তবে আজকের এই আয়োজন আমার কাছে ভিন্ন এক অনুভূতি মনে হচ্ছে। কারণ এই গোপালগঞ্জের মাটিতেই শুয়ে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পবিত্র মাটিতেই তার জন্ম, শৈশব-কৈশোর বেড়ে ওঠা। এই মাটিকে তিনি বড়ই ভালবাসতেন। এই মাটিকে ভালবেসে, এই অঞ্চলের মানুষকে ভালবেসেই তিনি ধাপে ধাপে সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের নেতা হয়েছেন। 

যুবলীগ চেয়ারম্যান বলেন, আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিব সারা জীবন আপনাদের কথায় ভেবেছেন, ব্যক্তিগত স্বার্থের কথা তিনি কখনোই ভাবেন নাই। তিনি মন্ত্রীত্ব ছেড়ে দিয়েও গণমানুষের কাছে ফিরে গিয়েছেন। গণমানুষের অধিকার আদায় করা ছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক মূল লক্ষ্য। আজকের এই উপহার সামগ্রী কোন ত্রাণ নয় এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আর আপনাদের অধিকার। জননেত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ জননেত্রী শেখ হাসিনার সংগঠন। মাননীয় প্রধানমন্ত্রীর ধ্যান-ধারণার বহিঃপ্রকাশ ঘটায় যুবলীগ। যুবলীগ তার মানবিক কার্যক্রম চলমান রাখবে।

অনুষ্ঠানে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো মাইনুল হোসেন খান নিখিল বলেন, যে মাটিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, সেই পবিত্র মাটিতেই শুয়ে আছেন তিনি। স্বাধীনতার বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানি ধারায় চালাতে চেয়েছিল। তারা বঙ্গবন্ধুকে ঘিরে অসংখ্য অপপ্রচার আর মিথ্যাচার চালিয়েছিল তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, তাজ উদ্দিন আহমেদ, জসিম উদ্দিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সুব্রত পাল, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, কাজী মো. মাজহারুল ইসলাম, ডা. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, আবু মুনির মো. শহিদুল হক রাসেল, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেনসহ প্রমুখ।