টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
রাজৈর উপজেলার টেকেরহাটে খাদ্যগুদাম কর্মকর্তার বিপুল পরিমাণ চাল পাচারের ঘটনায় শনিবার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি তদন্ত শুরু করেছে।
এদিকে শুক্রবার বিকালে চাল পাচারের সময় হাতেনাতে ধরা পড়ায় দুই পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে খাদ্য গুদাম কর্মকর্তা গাজী সালাউদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দুটি গুদাম সিলগালা এবং খাদ্যগুদাম পরিচালনার জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়।
গ্রেফতার মোমরেজ শেখ জানান, খাদ্য গুদাম কর্মকর্তার নির্দেশে দীর্ঘদিন আমরা এ কাজ করে আসছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহানা নাসরিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি।
জেলা খাদ্য কর্মকর্তা মো. সেফাউর রহমান জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত খাদ্যগুদাম কর্মকর্তা কাজী সালাউদ্দিন সকল অভিযোগ অস্বীকার করে জানান, নির্দেশ অনুযায়ী মানসম্পন্ন চাল, ধান ও গম ক্রয় করায় ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী ও গুদাম সংশ্লিষ্টরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সুনাম ক্ষুণ্ন করছে।
ওসি (তদন্ত) মো. এমদাদ হোসেন জানান, এ ব্যাপারে থানায় খাদ্যগুদাম কর্মকর্তা গাজী সালাউদ্দিন, পরিচ্ছন্নতা কর্মী মোমরেজ শেখ ও সেলিম খানকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।