নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল!

গ্রাহকদের বিক্ষোভ

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

ভুতুড়ে বিদ্যুত্ বিলের প্রতিবাদে গতকাল শনিবার উপজেলার মৌকরা ইউপির ময়ূরা, মাঝিপাড়া, তিলিপ, ফতেপুর গ্রামের প্রায় দু‘শতাধিক গ্রাহক কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-৪ নাঙ্গলকোট জোনাল অফিসের সামনে বিক্ষোভ করেছেন। এসময় নাঙ্গলকোট পৌরসভা মেয়র আব্দুল মালেক উপস্থিত হয়ে গ্রাহকদের বিদ্যুত্ বিল সমন্বয়ের আশ্বাস দিলে গ্রাহকরা শান্ত হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার মৌকরা ইউপির ময়ূরা, মাঝিপাড়া, তিলিপ, ফতেপুর গ্রামসহ উপজেলার বিভিন্ন গ্রামের পল্লী বিদ্যুত্ গ্রাহকদের ভুতুড়ে বিদ্যুত্ বিল প্রদান করা হচ্ছে।

মাঝিপাড়া গ্রামের মজিবুর রহমানের মে মাসের বিদ্যুত্ বিলে পূর্ববর্তী মিটার রিডিং ৩ হাজার ৪শ ৯০ ইউনিট। গত ২৬ মে বিদ্যুত্ বিল তৈরীর তারিখে বর্তমান রিডিং লেখা রয়েছে ৩ হাজার ৬শ ৬৫। কিন্তু মিটারে ১ জুন পর্যন্ত বর্তমান রিডিং ৩ হাজার ৫ শ ৮২। অতিরিক্ত লেখা হয়েছে ৮৩ ইউনিট। একই গ্রামের আবদুল কাদেরের পূর্ববর্তী মিটার রিডিং ২৩ হাজার ৭ শ ৮৫। গত ২৬ মে বিদ্যুত্ বিল তৈরীর তারিখে বর্তমান রিডিং লেখা রয়েছে ২৩ হাজার ৯শ ৭৫। কিন্তু ১ জুন পর্যন্ত বর্তমান মিটার রিডিং ২৩ হাজার ৮শ ৯৫। অতিরিক্ত লেখা হয়েছে ৮০ ইউনিট। এভাবে উল্লেখিত গ্রামগুলোর বিদ্যুত্ গ্রাহকদের বিদ্যুত্ বিলে অতিরিক্ত মিটার রিডিং উল্লেখ করার অভিযোগ করেন গ্রাহকরা। এর আগে প্রায় এক বছর পূর্বে কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-৪ নাঙ্গলকোট জোনাল অফিসের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিদ্যুত্ বিল গ্রাহকদের অতিরিক্ত মিটার রিডিং লেখার মাধ্যমে গ্রাহকদের নিকট হতে অতিরিক্ত বিদ্যুত্ বিলের নামে লাখ-লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে।

নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের বিদুত্ বিলের দুর্নীতি নিয়ে মৌকরা ইউনিয়নের ৪টি গ্রামের পক্ষে স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমান কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-৪ জেনারেল ম্যানেজার (জিএম) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া অনুলিপি জেলা প্রশাসক কুমিল্লা, উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করেছেন।

কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-৪, নাঙ্গলকোট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শহীদ উদ্দিন বলেন, আমি গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুত্ বিলের বিষয়টি শুনেছি। কর্মচারীরা লম্বা ঈদের ছুটিতে বাড়ি যাবে বলে, তড়িঘড়ি করে অতিরিক্ত মিটার রিডিং লিখতে থাকতে পারে। আমি গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুত্ বিলের কপি গ্রহণ করেছি এবং নতুন বিদ্যুত্ বিল তৈরীর কাগজগুলো বিতরণ করছি না। যে সব মিটার রিডার অতিরিক্ত বিদুত্ বিল করেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।