তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার শাকদহা এলাকায় একটি বাস-মাহেন্দ্র অটোকে ধাক্কা দিলে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সাতক্ষীরা-খুলনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ব্যক্তির নাম বাবুল আক্তার (৬০)। তিনি তালা উপজেলার মঙ্গলানন্দকাটি গ্রামের মৃত ছমির সরদারের ছেলে। আহত দু’জন সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, মাহেন্দ্র অটোটি পাটকেলঘাটা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে পাটকেলঘাটার শাকদহা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি বাস মাহেন্দ্রকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মাহেন্দ্রযাত্রী বাবুল আক্তার। আহত অপর দু’জন মাহেন্দ্রযাত্রীকে সামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।