দিনাজপুর অফিস ও হিলি (দিনাজপুর) সংবাদদাতা
ঈদ-উল-ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আটদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন জানান, ঈদ-উল-ফিতর উপলক্ষে ১ থেকে ৮ জুন পর্যন্ত টানা আটদিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। সেই সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট, হিলি কাস্টমস, বন্দরসহ সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আগামী ৯ জুন থেকে বন্দর দিয়ে আবার আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ফিরোজ কবির জানান, ঈদ উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।