গরমের পর স্বস্তির খবর

টানা কয়েক দিনের গরমের পর স্বস্তির খবর জানালো আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (২২ মার্চ) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন।

তিনি জানান, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রয়েছে। চাপ কেন্দ্রের কাছে মাঝারি মাত্রায় সাগর উত্তাল রয়েছে। 

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে থাকতে বলা হয়েছে। এছাড়া গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

শাহীনুল ইসলাম আরও বলেন, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

মঙ্গলবার সকালে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ, বিকালে আর্দ্রতা থাকবে ২২ শতাংশ। বায়ুচাপ রেকর্ড করা হয়েছে ১০০৮ দশমিক ৯ হেক্টো প্যাসকেলস।