কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
কমলনগরে ১ হাজার ৪২০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার চর লরেন্স ইউনিয়নের তুলাতলী নামক স্থানের হাজী রোডের বরফ মিলের সামনে থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাজলরেখা (৩৫) নামে এক নারীকে আটক করে পুলিশ।
সংশ্লিষ্ট বিষয়ে কমলনগর থানার এস আই মহিন উদ্দীন বাদী হয়ে কমলনগর থানায় ২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার আসামি কাজলরেখা ছাড়াও তার জামাতা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার (ওজার বাড়ির) মো. এমরান। কাজলরেখা চর লরেন্স ইউনিয়নের কুয়েত প্রবাসী মোহাম্মদ সোহেলের স্ত্রী।
পুলিশ জানায়, পলিথিনের ১৪টি প্যাকেটে পুরনো গামছায় মোড়ানো অবস্থায় এই ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবার পুটলী পানিতে পেলে দিলে বেশ কিছু ট্যাবলেট গলে যায়। ধারণা করা হচ্ছে ২০০০ থেকে ২৫০০ ইয়াবা ট্যাবলেট ছিল।
কমলনগর থানার ইনচার্জ ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্টগ্রামের মিরসরাই থেকে ইয়াবার একটি চালান কমলনগর আসছে। সেই থেকেই আমরা চালানটি আটকের চেষ্টায় ছিলাম। রাত ১২টায় আমরা অভিযান পরিচালনা করি। তবে অভিযান চলাকালীন সময়ে মূল আসামি এমরান কৌশলে পালিয়ে যায়। আমরা এমরানকে আটকের চেষ্টায় আছি।