মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী গ্রামে মঙ্গলবার (২২ মার্চ) সকালে বিরোধপূর্ণ জায়গায় ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর শেখ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার মহেন্দ্রদী গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে খলিল শিকদার ও ছত্তার শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ ওই জায়গায় একটি পক্ষ ঘর নির্মাণ করতে গেলে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও একটি রান্নাঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়। গুরুতর আহত জাহাঙ্গীর শেখ (৪৫), ছত্তার শেখ (৭০), তুষার মোল্লা (৩৫), আলেয়া বেগম, (৫০) ইউসুফ শেখ (৭০), রমজান (১৫), নিশী (১৯) জসিম শেখ (৩৪), ফরিদা বেগম (৫৮), শারমিন বেগম (৩০), আলেম (৩০) শহীদকে (৩৮) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় জাহাঙ্গীর শেখকে (৪৫) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আরো অবনতি হলে মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রাজৈর থানার ওসি শেখ সাদিক জানান, মঙ্গলবার সকালে সংঘর্ষে আহত জাহাঙ্গীর শেখ নামে একজন রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে।