নরসিংদীর শিবপুরে একটি বাস মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসের এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন মাইক্রোবাসটির আরও ৭ জন। মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার গাঙপাড় (খলাপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার নিহত ব্যক্তির নাম মো. ওয়াজকুরুনি ভূঁইয়া (৫০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সেমন্তগর এলাকার বাসিন্দা।
আহত ব্যক্তিরা হলেন, হৃদয় ইসলাম (৩০), সানজিদা আক্তার (২২), গোলাম মোস্তফা (৩৫), মো. জিহাদ (১৬), মাইসা আক্তার (৬), তানভীর ইসলাম (১৯), লাকী আক্তার (৩২)। তাদের মধ্যে গোলাম মোস্তফা ও মো. জিহাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নরসিংদী জেলা হাসপাতালের চিকিৎসকরা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা- সিলেট মহাসড়কের শিবপুরের গাঙপাড় (খলাপাড়া) এলাকায় পৌঁছালে বিপরীত দিক ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ৭ জন।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এএনএম মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত নারী ও শিশুসহ সাত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরসহ আহত সাতজনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে আহত সাত ব্যক্তিকে নরসিংদী জেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।