পুলিশের ভয়ে পালাল বাল্যবিয়ের বরযাত্রী

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা

খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামে শুক্রবার রাতে বাল্যবিয়ে করতে রওয়ানা দেওয়া বরসহ বরযাত্রী পুলিশের ভয়ে রাস্তা থেকেই পালিয়ে গেছে।

খালিয়াজুরী থানার এসআই মো. মোহর আলী জানান, এনজিও স্বাবলম্বী উন্নয়ন সমিতির শিশু বিয়ে রোধ প্রকল্পের এক কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম নির্দেশ দেন এ বিয়ে বন্ধের। নির্দেশ পেয়ে তিনিসহ আরো কয়েকজন পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করেছেন। এ সময় বিয়ে বাড়িতে আসতে চাওয়া বরসহ বরযাত্রী রাস্তা থেকেই পালিয়ে গেছে। তিনি আরো জানান, মেয়ের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তার বিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া ছিল আইনগতভাবে অপরাধ।