সুজানগরে বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি পেঁয়াজ

পাবনার সুজানগরের হাটবাজারে উঠতে শুরু করেছে মৌসুমী নতুন পেঁয়াজ। তবে পেঁয়াজের দাম কম হওয়ায় কৃষকের মধ্যে হতাশা দেখা দিয়েছে। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে ১৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।  কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০০ হেক্টর বেশি জমিতে। ইতিমধ্যে উঁচু জমিতে আবাদ করা পেঁয়াজ উপজেলার হাটবাজারে উঠতে শুরু করেছে। আগামী ১০/১৫ দিনের মধ্যে পুরোদমে পেঁয়াজ ওঠা শুরু হবে। তবে পেঁয়াজের দাম কম হওয়ায় উৎপাদন খরচও উঠছে না বলে জানান কৃষকরা।   

উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক কামরুজ্জামান বলেন, বর্তমানে হাটবাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দরে। অথচ সব মিলিয়ে প্রতি মণ পেঁয়াজ উৎপাদনে খরচই হয়েছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। ফলে কৃষকের লোকসান গুনতে হচ্ছে। 

সুজানগর পৌর বাজারের আড়তদার রশিদ বিশ্বাস বলেন, হাটবাজারে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হওয়ায় দরপতন হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, প্রত্যেক বছর মৌসুমের শুরুতে বাজার কিছুটা মন্দা হয়। এক-দুই মাসের মধ্যেই মন্দাভাব কেটে যায়।