‘দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ইস্যুয়িং ব্যাংক’ পুরস্কার পেলো সিটি ব্যাংক। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এর পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের হাতে পুরস্কারের সনদ তুলে দেন ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট গ্রুপের আঞ্চলিক শিল্প পরিচালক অ্যালেন ফোরলেমু ।
সিটি ব্যাংককে আইএফসি-এর গ্লোবাল ট্রেড ফাইন্যান্স প্রোগ্রামের (জিটিএফপি) সর্বোত্তম ব্যবহার এবং কর্মদক্ষতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সফল অংশীদারি ব্যাংক হিসেবে স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়। আইএফসি-এর শম বার্ষিক ট্রেড অ্যাওয়ার্ডে পাঁচ শতাধিক অংশীদার ব্যাংকের মধ্যে একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার ভিত্তিতে ৪৬টি ব্যাংক ৪৮টি বিভাগে এই পুরস্কার পায়।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন-আইএফসি-এর বাংলাদেশ, ভুটান ও নেপাল অঞ্চলের কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে আইএফসি-এর জিটিএফপি প্রোগ্রামের অধীনে ইস্যুয়িং ব্যাংক হিসেবে সংযুক্ত আছে সিটি ব্যাংক। ২০২১ সালে জিটিএফপি প্রোগ্রামে বাংলাদেশি ব্যাংকগুলোর মধ্যে প্রথম কনফার্মিং ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয় ব্যাংকটি।