টেলিপ্যাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদ আলমগীর

টেলিভিশন মিডিয়ার প্রধান সংগঠন টেলিভিশন ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন নির্বাচনে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত পদে হলেন অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং জাসদের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক শহিদ আলমগীর। মনোয়ার-সাজু সমমনা প্যানেল থেকে তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর শহিদ আলমগীর বলেন, আমি’র যে অহম বোধ এটা এবার নয়, আমরা আশা করি ‘আমি’র চর্চা এই সংগঠনে চিরতরে শেষ হয়ে যাবে। কারণ আমরা একটা সৃজনশীল মাধ্যম নিয়ে কাজ করি। আমাদের চলন-বলন সবতো সেরকমই থাকা উচিত। সামগ্রিক অর্থে আমাদের দায়িত্ববোধ থেকে বলছি, আমরা যে শ্লোগানটি দিয়েছি- আমি না আমরা, গড়ে তুলবো এক নতুন সাংস্কৃতিক অঙ্গন।

তিনি আরও বলেন, মনোয়ার পাঠান ও সাজু মুনতাসির সমমনাদের নিয়ে আমরা সবাই মিলে কাজ করবো। টেলিভিশন ও ডিজিটালের প্রযোজকদের যে স্বার্থ সংরক্ষণ, তা করতে সবাই মিলে আমরা কাজ করবো।

গত শনিবার দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় টেলিভিশন-ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) এর ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন। প্যানেল না হলেও সমমনা দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে এবারের টেলিপ্যাব নির্বাচনে। যার একটি প্যানেলের নেতৃত্বে ছিলেন সভাপতি পদে মনোয়ার পাঠান এবং সাধারণ সম্পাদক পদে সাজু মুনতাসির। আরেক প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল।