কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধরের ঘটনায় জড়িতের বিচার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা 'পড়াশোনা না প্রতিবাদ', 'বিশ্ববিদ্যালয় কিসের জন্য', 'ওয়াকিলের বহিস্কার চাই', 'আমি পড়তে এসেছি, মার খেতে নয়' ইত্যাদি স্লোগানে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান। এসময় তারা মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী ওয়াকিল আহমেদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন৷
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসে। কেউ মারামারি করে চোখ হারাতে আসে না। কেউ রাজনৈতিক পরিচয় নিয়ে আসে না। সিনিয়র-জুনিয়রদের মধ্যে বন্ধন রয়েছে। অপরাধী যে দলের হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই অপরাধীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হলে আর কোনো আনিছকে রক্তাক্ত হতে হবে না।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, এই ঘটনা খুবই মর্মাহত করেছে আমাকে। এই ধরনের অমানবিক কর্মকাণ্ড কোন মানুষের দ্বারা হতে পারে না। হলের অনেক জুনিয়র আছে যারা সিনিয়র নেতা দ্বারা হেনস্তার শিকার হয়েছে, যাদের বিচারে আমি বিন্দুমাত্র ছাড় দেইনি। আমি কথা দিচ্ছি, এই ঘটনার শক্ত বিচার হবে।
উল্লেখ্য, গত সোমবার (২১ মার্চ) 'তুমি' সম্বোধনের জেরে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধর করে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদ। এতে চোখে মারাত্মক আঘাত পান আনিছুর।