পশ্চিমবঙ্গে পুড়িয়ে মানুষ হত্যার বিচার চাইলেন মোদি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমে আগুনে পুড়িয়ে আট জনকে হত্যা ঘটনার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘অপরাধীরা যেন শাস্তি পায়, তা পশ্চিমবঙ্গ সরকারকে বলব।’ গতকাল বুধবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক প্রদর্শনীর ভার্চুয়াল উদ্বোধন করে এ কথা বলেন তিনি। 

এদিকে এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনকড়। মঙ্গলবারই তার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল বুধবার তার পালটা চিঠি দিয়ে গভর্নর বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ, দর্শক হয়ে রাজভবনে বসে থাকতে পারি না।’

অন্যদিকে মমতা ব্যানার্জি বলেছেন, ‘অপরাধীরা কেউ ছাড় পাবে না। আজ বৃহস্পতিবার আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি।’ এদিকে ঘটনাটি নিয়ে মুখ খুলেছে কলকাতা হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে। অন্যদিকে, পরিস্থিতি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল গঠন করেছে বিজেপি। সেই প্রতিনিধিদল আগামীকাল শুক্রবার ঘটনাস্থলে যাবে। গতকাল বুধবার ঘটনাস্থলে যায় বিজেপি এবং বামেদের দুটি পৃথক প্রতিনিধিদল। ঘটনাটি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘রামপুরহাটের বগটুই গ্রামে জঘন্য অপরাধ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকে বলব, অপরাধীরা যেন শাস্তি পায়। এ ঘটনার তদন্তে রাজ্যকে সব রকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। আশা করি, রাজ্য সরকার অপরাধীদের দ্রুত সাজা দেবে। পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার আবেদন, অপরাধীদের যারা প্রশ্রয় দেবে, তাদের ক্ষমা করবেন না।’

এদিকে মমতাকে দেওয়া চিঠিতে গভর্নর বলেন, ‘ছয় জন নারী ও দুটি শিশুকে পুড়িয়ে হত্যার ঘটনায় গভর্নর হিসেবে আমি চুপ থাকতে পারি না।’ পাশাপাশি বিধানসভা ভোট পরবর্তী সহিংসতার কথাও তিনি চিঠিতে তুলে ধরেন। জাতীয় মানবাধিকার কমিশনের বিবৃতিকে উদ্ধৃত করে লেখেন, পশ্চিমবঙ্গে শাসকের আইন আছে, আইনের শাসন নেই।

অন্যদিকে মমতা ব্যানার্জি অভিযোগ করে বলেন, ‘আমরা সরকারে আছি। আমরা কি চাইব কোথাও কেউ বোমা মারুক! বদনামের চেষ্টা করা হচ্ছে। যারা ঘটনা ঘটিয়েছে, তারা কেউ ছাড় পাবে না।’ বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘আসলে তারা দাঙ্গা করতে পারছে না। তাই এসব চক্রান্ত করছে। দেশলাই জ্বালানো খুব সহজ। দেশলাই জ্বালাতে চক্রান্তকারীদের জুড়ি নেই। কিন্তু তারা এটা বোঝে না যে, অন্যের ঘরে দেশলাই জ্বাললে নিজের ঘরে এসেও পড়তে পারে। অনেক নষ্টামি, অনেক দুষ্টামি দেখেছি।’