কাতার সফর শেষে বুধবার (২৩ মার্চ) দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে তিনি কাতার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সিবিশন-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এই এক্সিবিশন উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। উদ্বোধনের প্রাক্কালে সেনাপ্রধান কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে তিনি কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সঙ্গে অংশগ্রহণকারী আন্তর্জাতিক ডিফেন্স ইন্ডাস্ট্রি সমূহের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ড. ইসমাইল দেমিরের সঙ্গে বৈঠক করেন। এক্সিবিশন চলাকালে শ্রীলঙ্কা সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল সাভেন্দ্র সিলভা এবং রুয়ান্ডা সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল জ্য বস্কো কাজুরার সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সাক্ষাতে শ্রীলঙ্কা এবং রুয়ান্ডা সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্পর্ক আরও জোরদার করাসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন সেনাপ্রধান।
কাতার সফরের দ্বিতীয় দিনে সেনাপ্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এয়ার মার্শাল সালেম বিন হামাদ বিন মোহাম্মদ বিন আকিল আল নাবিতের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাত্কালে তিনি বাংলাদেশ এবং কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বিত যৌথ প্রশিক্ষণ, অনুশীলন এবং অন্যান্য বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে কাতারসহ এক্সিবিশনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্পর্ক ও সহযোগিতার সম্ভাবনা আরো একধাপ এগিয়ে যাবে বলে আশা করা যায়। —আইএসপিআর