কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের শাকতলা এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান ফটকে গ্যাস লাইনের লিকেজ থেকে বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এসময় এক্সেল ডিজিটাল প্রিন্টিং নামক একটি প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনের প্রচণ্ড তাপে প্রকৌশলী কল্যাণ ভবনের দু’টি কক্ষের এক পাশের দেয়াল ধ্বসে পড়ে।
ফায়ার সার্ভিস বাগিচাগাঁও ষ্টেশন অফিসার মাজেদুল ইসলাম ইত্তেফাককে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার কারণে কুমিল্লা-লাকসাম আঞ্চলিক সড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।