ঢাকা মেডিক্যালে রোগী হয়রানি

ঢাকা মেডিক্যালের বহির্বিভাগে রোগীরা ডাক্তারের কাছে আসেন প্রেসক্রিপশন নিতে; কিন্তু প্রেস-ক্রিপশন নিয়ে বের হতেই পড়তে হয় এক নতুন ভোগান্তির মুখে। ডাক্তারের চেম্বারের সামনে লাইন ধরে অথবা জটলা বেঁধে দাঁড়িয়ে থাকে বিভিন্ন ওষুধ কোম্পানির অর্ধ শতেরও বেশি এজেন্ট। এরা রোগীর হাত থেকে একরকম কেড়ে নিয়ে যান ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন। তারপর চলতে থাকে ঐ প্রেসক্রিপশনের ফটোসেশন এবং ডাক্তার সাহেব কোন কোম্পানির কোন ওষুধ ব্যবহারের পরামর্শ দিলেন, সে বিষয়ে আলোচনা-সমালোচনা। কেড়ে নেওয়া প্রেসক্রিপশন অনেক সময় ফেরত চাইলেও পাওয়া যায় না সহজে। এভাবেই কেটে যায় দীর্ঘক্ষণ। হয়রানির শিকার হতে হচ্ছে হাজার হাজার রোগীকে। তাই মেডিক্যালের অভ্যন্তরে এজেন্টদের দৌরাত্ম্য লাঘব করা জরুরি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সাইফুল ইসলাম

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়