মানিকগঞ্জে ইউপি সদস্যের লাশ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফরহাদ হোসেন (৫০) নামে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. আশরাফুল আলম জানান, ইউপি সদস্য ফরহাদ হোসেন বুধবার বিকেলে বাড়ি থেকে বের হন এবং রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। এরপর বৃহস্পতিবার সকালে প্রতিবেশী মাহিন্দ্র মণ্ডলের বাড়ির পাশের ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও জানান, লাশের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ফরহাদ হোসেন উপজেলার পাতিলাপাড়া গ্রামের মৃত দারোগালীর ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় মামলা হবে।